চবির মূল ফটকে ছাত্রলীগের তালা, বন্ধ শাটল ট্রেন-বাস

নতুন কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে বিশ্ববিদ্যালয় ফটকে তালা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ।

- Advertisement -

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবরোধ শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে শহরের উদ্দেশে কোনো শিক্ষক বাস ছেড়ে যায়নি।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জম হোসেন।

এছাড়া শাটল ট্রেন ষোলোশহর রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে। স্টেশন মাস্টার অভি সেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি নিয়ে আন্দোলনের জন্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

- Advertisement -
islamibank

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান দিনার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো জানিয়ে আসছিলাম অনেক দিন ধরে। আমাদের কঠোর আন্দোলনে যেতে বাধ্য না করতে অনুরোধ করেছি। কোনো লাভ হয়নি। পদবঞ্চিতদের আন্দোলনে সমর্থন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টের এ দায়ভার শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকেই নিতে হবে।

চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে কমিটিকে অবৈধ, পকেট কমিটি উল্লেখ করে আন্দোলন করে কয়েকটি গ্রুপ। এদিকে কমিটিতে বিবাহিত, নিষ্ক্রিয়, অনুপ্রবেশকারী এবং যোগ্যতার ভিত্তিতে কমিটি না দেওয়ার বিষয়গুলো নিয়ে আন্দোলন করে আসছে শাখা ছাত্রলীগের কয়েকটি উপগ্রুপ।

তাদের দাবিগুলো হলো- পদবঞ্চিত ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়ন করে কমিটিতে অর্ন্তভুক্তকরণ, কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন, কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর পর তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার রাতে ৩৮০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মূলত এর পরই আন্দোলন শুরু করেন কমিটিতে পদবঞ্চিতরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দুটি গ্রুপে বিভক্ত। এক পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং আরেকটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এ দুটি গ্রুপের রয়েছে ১১টি উপগ্রুপ।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ