চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সোয়া ১২ লাখ টাকা মূল্যের ১২১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (বন্দর-পশ্চিম)। এসময় দুজনকে আটক করা হয়।
আজ বুধবার (২১ জুন) জালালাবাদ বালুচরা বাজার এলাকায় অভিযান চালিয়ে সিগারেটের চালানসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বিজয় কর (৪৪) ও মো. রাজিব মিয়া প্রকাশ রাজু (২৮)।
এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জালালাবাদ বালুচরা বাজার এলাকায় একটি কার্ভাডভ্যান থেকে ১২১৩ কার্টন মন্ড সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামিরা খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে এসব সিগারেট সংগ্রহ করে। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বেশি দামে বিক্রির উদ্দ্যেশে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়।
এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
জেএন/হিমেল/পিআর




