প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ঢাকা সফররত ভুটানের রাজা খেসার নামগিয়েল ওয়াংচুক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন তারা।
এরপরে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং একটি সমঝোতা নবায়ন হয়েছে বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে ভুটানের রাজা রাজধানীর তেঁজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারও আগে আজ সকাল ১০টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের রাজা ও তার সফরসঙ্গীরা।
বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত ভুটানের রাজা আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। রাজার সফরসঙ্গী হিসেবে আছেন ভুটানের রানী, পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রীগণ ও পদস্থ কর্মকর্তারা।
জেএন/পিআর




