স্পেনের মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মেহেদী হাসান (২৩) নামে এক প্রবাসী বাংলাদেশি।
স্থানীয় সময় রোববার (১২ মে) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রবাসী যুবকের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো কাজ শেষে দোকান থেকে বাসায় ফেরার পথে জেব্রা ক্রসিংয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের চাচা মুক্তার হোসেন জানান, মেহেদীর মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। এখন মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে পাঠানো ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।
জেএন/পিআর




