রেকর্ড গড়া আর্জেন্টাইন সেই ফুটবলার অবশেষে রিয়ালে

খেলাধুলা ডেস্ক :

মাত্র ১৭ বছর বয়সেই নজর কেড়েছেন পুরো ফুটবল দুনিয়ার। গত সপ্তাহেই অভিষেক হয়েছে আর্জেন্টিনার জার্সিতে, এবার ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে তোলার অপেক্ষা।

- Advertisement -

মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো নিয়ে এসেছে লস ব্লাঙ্কোসরা, তাও আবার রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে। আর্জেন্টিনার তরুণ এই প্রতিভাকে দলে নিতে পিএসজিকেও টপকাতে হয়েছে রিয়ালকে।

- Advertisement -
google news follower

শুক্রবার (১৩ জুন) রিয়াল নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে। যদিও তারা ঠিক টাকার অঙ্কটা জানায়নি। তবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট বিবৃতিতে জানায়, মাস্তানতুয়োনো’র জন্য রিয়ালের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরো।

কর ও আরও কিছু খরচ বাদে রিলিজ ক্লজ হিসেবেই ৪ কোটি ৫০ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে। যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি।

- Advertisement -
islamibank

এর আগে রিভার প্লেট থেকে সবচেয়ে বেশি দামে দলবদলের রেকর্ড ছিল এনজো ফার্নান্দেজের। ২০২২-২৩ মৌসুমে পর্তুগিজ ক্লাব বেনফিকা তাকে কিনেছিল ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ইউরোতে।

এবার সেই রেকর্ড ভেঙে মাত্র ১৭ বছর বয়সেই রিভার প্লেট ছাড়লেন মাস্তান্তুয়োনো।

রিয়াল মাদ্রিদের সঙ্গে তার ছয় বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে, যা চলবে ২০৩১ সাল পর্যন্ত। তবে ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন তিনি ১৪ আগস্টের পর, যখন বয়স হবে ১৮ বছর।

ইতোমধ্যে জাবি আলোনসো’র রিয়ালে নাম লেখালেও, আগামীকাল (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে মাস্তান্তুয়োনো খেলবেন রিভার প্লেটের হয়ে। এরপর আগস্টে যোগ দেবেন সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবে।

সংবাদমাধ্যম ইএসপিএন জানায়, আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে দুই বছর ধরে পর্যবেক্ষণে রেখেছিল রিয়াল। লড়াইয়ে ছিল ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাবও।

তবে পিএসজি হুমকি হতে পারে মনে করে আগেভাগেই স্প্যানিশ জায়ান্টরা মাস্তানতুয়োনোকে নিয়ে নিলো। তারও পছন্দের ছিল মাদ্রিদের ঠিকানা।

কোচ হিসেবে আলোনসো দায়িত্ব গ্রহণের পর মাস্তানতুয়োনো রিয়ালের তৃতীয় সাইনিং। এর আগে ডিন হুইজসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে নেওয়ার পর ইতোমধ্যে তাদের অভ্যর্থনাও হয়ে গেছে।

শিরোপাহীন মৌসুম কাটানোর পর এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে লস ব্লাঙ্কোসরা। সদ্য সমাপ্ত মৌসুমে তারা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে চার ম্যাচেই হেরেছে।

নতুন মৌসুমে মাস্তান্তুয়োনো রিয়ালের শুরুর একাদশে থাকবেন বলেও মনে করা হচ্ছে। বিশেষত সেট পিসে তার দক্ষতায় মুগ্ধ রিয়ালসহ ইউরোপীয় ক্লাবগুলো।

সাম্প্রতিক সময়ে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যক্তিত্ব ও আচরণ নিয়েও সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ।

রিভার প্লেটের হয়ে চলতি বছরে দুর্দান্ত খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার—১২ ম্যাচে করেছেন ৪ গোল, করিয়েছেন আরও ৪টি। এমন পারফরম্যান্সেই নজরে পড়েন আর্জেন্টিনা কোচ স্কালোনির, যার পর জাতীয় দলের জার্সিতেও হয়েছে অভিষেক।

স্প্যানিশ গণমাধ্যম বলছে, রিয়ালে তার বাৎসরিক নেট বেতন হতে পারে প্রায় ৩৫ লাখ ইউরো! আর মাস্তানতুয়োনোকে ধরে রাখতে ক্লাবটি চুক্তিতে যুক্ত করেছে ১০০ কোটি ইউরোর বিশাল রিলিজ ক্লজ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ