এনসিটিতে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে এক দিনে রেকর্ড ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ রেকর্ড বন্দরের অপারেশনাল কার্যক্রমে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে বলে জানান কর্মকর্তারা।

- Advertisement -

বন্দর কর্তৃপক্ষ জানায়, এর আগে গত ১১ এপ্রিল ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল, যা এবার অতিক্রম করা হয়েছে।

- Advertisement -
google news follower

শুক্রবার (১ মে) বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বন্দর কর্তৃপক্ষ ও এনসিটি ইয়ার্ড পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের সমন্বিত ব্যবস্থাপনায় দেশের প্রধান সমুদ্রবন্দরের অপারেশনাল ইতিহাসে নতুন এ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এটি বন্দরের সামগ্রিক সক্ষমতার একটি বড় প্রমাণ।

- Advertisement -
islamibank

বন্দর সচিব আরও বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, ঘাম ও দেশপ্রেমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রাক্কালে অর্জিত এই রেকর্ড শ্রমজীবী মানুষের প্রতি উৎসর্গ করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বর্তমানে সবচেয়ে বড় টার্মিনাল এনসিটি। প্রায় এক কিলোমিটার লম্বা এই টার্মিনালে একসঙ্গে ছোট-বড় মিলিয়ে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। এই টার্মিনালে চারটি জেটি রয়েছে এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয় এই টার্মিনাল দিয়ে। এটিতে ব্যাকআপ ফ্যাসিলিটিজ হিসেবে রয়েছে উন্নত প্রযুক্তি সম্বলিত ইয়ার্ড। টার্মিনালে বন্দরের মালিকানাধীন জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামা করার জন্য রয়েছে ১৪টি গ্যান্ট্রি ক্রেন। এর পাশাপাশি কনটেইনার স্থানান্তরের যত যন্ত্র দরকার, সবই আছে টার্মিনালটিতে।

বন্দর সংশ্লিষ্ট একজন জানান, এই টার্মিনালে সব বিনিয়োগ করেছে বন্দর কর্তৃপক্ষ। আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করে কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই টার্মিনালটি থেকে সাইফ পাওয়ার টেক হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। দেশি কিংবা বিদেশি অন্য কোনো প্রতিষ্ঠানকে তেমন সুযোগ দেওয়া হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এনসিটি থেকে বিতর্কিত সাইফ পাওয়ারটেককে সরিয়ে দিয়ে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার উদ্যোগ নেয়। তখন থেকে বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিভিন্ন পক্ষ সরব হয়। আন্দোলনের মধ্যেই ২০২৫ সালের ৭ জুলাই থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাইডক লিমিটেডকে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ