নষ্ট তেল থেকে তৈরি হচ্ছিল লুব অয়েল, কর্ণফুলীতে কারখানা সিলগালা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড।

- Advertisement -

একই সঙ্গে ভেজাল পণ্য উৎপাদন ও মজুদের দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

- Advertisement -
google news follower

তাছাড়া কারখানাটি ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা তথ্য পায় যে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় একটি কারখানায় নষ্ট ও ব্যবহৃত তেল পুনঃপ্রক্রিয়াজাত করে ভেজাল লুব অয়েল উৎপাদন করা হচ্ছে।

- Advertisement -
islamibank

ওই তথ্যের ভিত্তিতে গত সোমবার (২২ জুন) বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল লুব অয়েল, লুব অয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল এবং উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, উদ্ধার হওয়া উপকরণগুলোর মধ্যে পুনঃপ্রক্রিয়াজাত তেল ব্যবহার করে তৈরি করা ভেজাল লুব অয়েলও রয়েছে।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভেজাল লুব অয়েল তৈরি ও মজুদের দায়ে মালিকপক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

একই সঙ্গে কারখানাটিকে ১৫ দিনের জন্য সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

জব্দকৃত ভেজাল লুব অয়েল, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনস্বার্থ, ভোক্তা অধিকার এবং বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ