শিক্ষাজীবনে সময় অপচয় নয়, ৪ বছরের ডিগ্রি ৪ বছরেই সম্পন্নের নির্দেশ

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময় অপচয় কমাতে উচ্চশিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা আনার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

- Advertisement -

তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চার বছরের স্নাতক কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে।

- Advertisement -
google news follower

একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তরে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সেশনজট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
islamibank

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আনা জরুরি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইতিমধ্যে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা আগেভাগেই প্রস্তুতি নিতে পারে।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও সমন্বয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই। এজন্য বিশ্ববিদ্যালয়ের চার বছরের কোর্স চার বছরের মধ্যেই শেষ করতে হবে।”

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

শিক্ষকদের মধ্যে স্বতঃপ্রণোদিত মানসিকতা থাকতে হবে এবং নিজেদের কর্মের মাধ্যমে সমাজে মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।

পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নকলের ধরন এখন আগের তুলনায় অনেক বদলে গেছে। কেউ কেউ ডিজিটাল যন্ত্র ব্যবহার করে অসদুপায় অবলম্বনের চেষ্টা করে।

এ কারণে কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সতর্ক থাকতে হবে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে কার্যকর ভূমিকা গ্রহণের মাধ্যমে দেশের মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করা সম্ভব। পার্বত্য অঞ্চলেও শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে ব্যাপক কাজ করার প্রয়োজন রয়েছে।

চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ