নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন: পতেঙ্গার সি বার্ড হোটেল সাময়িক বন্ধ

অনলাইন ডেস্ক

পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ‘সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

- Advertisement -

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -
google news follower

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে দেখা যায়, সি বার্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং পরিবেশন করে আসছিল।

- Advertisement -
islamibank

এমন পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই দিনে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় পরিচালিত অভিযানে ‘চাটগাঁও রান্নাঘর’ নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল। এ অপরাধে হোটেল-রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সচেতন মহলের মতে, পর্যটনকেন্দ্রিক এলাকায় খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা শুধু ভোক্তাদের নিরাপত্তার জন্যই নয়, বরং এলাকার সুনাম রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই এ ধরনের অভিযান জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ