চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পর চারটি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ। তিনি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে তাঁর একাধিক ইটভাটা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে চট্টগ্রাম নগর থেকে নিজের এসইউভি (জিপ) চালিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলেন এস এম শহীদুল্লাহ। গাড়ির চালকের আসনেও ছিলেন তিনি নিজেই।
রাতের নির্জন সড়ক ধরে ফেরার পথে ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।
একপর্যায়ে তারা গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু গাড়ি থামাতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, ব্যবসায়ী শহীদুল্লাহর গাড়ি লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়। গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর এস এম শহীদুল্লাহ বলেন, তাঁর ওপর এর আগেও কয়েকবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
তাঁর ভাষ্য, মূলত ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করেই তাঁকে টার্গেট করা হয়েছে। এর আগে তাঁর বাড়িঘরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।
রাতের আঁধারে মহাসড়কে চলন্ত গাড়ি থামানোর চেষ্টা এবং পরে গুলি ছোড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হামলার নেপথ্যে কারা রয়েছে এবং ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে কোনো বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।




