চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত ওয়াসা এলাকায় অবস্থিত ‘হান্ডি’ রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র।
রান্নার উপকরণের মধ্যে ছোটাছুটি করছিল তেলাপোকা। শুধু তাই নয়, রান্নাঘরে রাখা স্যুপের মধ্যেও পাওয়া গেছে তেলাপোকা।
এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় পরিচালিত অভিযানে শুধু ‘হান্ডি’ নয়, আরও দুটি রেস্তোরাঁয় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
এসব প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ মেলায় জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং সিপি ফাইভ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, ‘হান্ডি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে খাবার ও খাবার তৈরির উপকরণে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের স্পষ্ট প্রমাণও মেলে।
একই অভিযানে জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং সিপি ফাইভ স্টার রেস্টুরেন্টে পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়।
খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।




