মানসম্মত শিক্ষা ও সুসংগঠিত সমাজ গঠনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।
শুক্রবার (১৮ জুলাই) রাতে নগরীর এনায়েত বাজার এলাকায় বাটালি রোড যুব পরিষদের উদ্যোগে ২০২৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একই এলাকার ৫০ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা।
তরুণ প্রজন্মকে সুশিক্ষিত ও মেধাভিত্তিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকার কথা উল্লেখ করে সিনিয়র জেল সুপার বলেন, “আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কাণ্ডারী। পড়াশোনার পাশাপাশি তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধে বলীয়ান হতে হবে।”
সংগঠনের সভাপতি সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বণিক কল্যাণ সমিতির সভাপতি আলী আব্বাস খান এবং সাবেক কাউন্সিলর এম এ মালেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলওয়ে হাসপাতাল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, অনিক ক্লাবের সভাপতি মো. আলম এবং সাফাত আইস প্ল্যান্টের মালিক মো. সাইফুদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ বাটালি রোড যুব পরিষদের শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএন/এমআর




