চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল হান্নান (৩৫) নামে এক সিএনজি অটোরিকশাচালকের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজারসংলগ্ন ঠান্ডাছড়ি এলাকার ৫ নম্বর ওয়ার্ডে, রাঙ্গামাটি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে একটি নির্জন স্থানে।
রবিবার (২৫ অক্টোবর) শেষ রাতে, আনুমানিক ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ বছর বয়সী ওই নারীকে একটি সিএনজি অটোরিকশার ভেতরে ধর্ষণ করা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দারা দেখতে পান।
বিষয়টি নজরে আসার পর তারা দ্রুত এগিয়ে গিয়ে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেপ্তার আব্দুল হান্নান রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য ঘাগরা জুরেরকুল এলাকার মৃত আনসারুল হকের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




