চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে উদ্ধার হয়েছে হারানো ১০৭টি মোবাইল ফোন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তথ্য পর্যালোচনার মধ্য দিয়ে উদ্ধার অভিযান শুরু করে ডিবি।
পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেন।
তাঁর দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি।
নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে।
জেলা পুলিশ জানিয়েছে, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসেবার মান উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।




