তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রেম, বিয়ে কিংবা কাছের মানুষদের নিয়ে আলোচনায় থাকেন জনপ্রিয় তারকারা।
ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীও এর ব্যতিক্রম নন। সম্প্রতি তাঁর বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন ভিডিও। সেখানে নিজের জীবনের দীর্ঘদিনের সঙ্গী বুল্টিকে নিয়ে মনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।
টালিপাড়ায় গুঞ্জন, চলতি মাসেই প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন মিমি। এরপর ডিসেম্বরে হতে পারে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন। যদিও এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
তবে বিয়ের আলোচনা ছাপিয়ে এখন চর্চায় মিমির জীবনের অন্য এক সম্পর্ক। তিনি বুল্টি-মিমির বাড়ির গৃহকর্মী। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনেত্রীর পাশে রয়েছেন তিনি। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক কেবল কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে পরিবারের সদস্যের মতো।
সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা জীবনের কঠিন সময়ে বুল্টিকে পাশে পেয়েছেন মিমি। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাঁকে বুকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করেন অভিনেত্রী। সেই মুহূর্তের ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে মিমিকে বলতে শোনা যায়, ‘১৫ বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালে থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে।’
কথার ফাঁকে বুল্টির ভাইয়ের সঙ্গে ছবি তোলার প্রসঙ্গও তুলে ধরেন মিমি। জানান, বুল্টির ভাই ছবি তুলতে চেয়েছেন বলেই তাঁর সঙ্গে ছবি তুলছেন। এরপর নিজের ভাইদের সঙ্গেও ছবি তোলার কথা বলেন অভিনেত্রী।
মিমির এই আন্তরিকতা নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। অনেকেই বুল্টির প্রতি তাঁর সম্মান ও ভালোবাসার প্রশংসা করছেন।
তাঁদের মতে, তারকাখ্যাতি কিংবা সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দীর্ঘদিনের সম্পর্ককে যে মমতা ও মর্যাদা দিতে হয়, মিমির আচরণে তারই প্রকাশ ঘটেছে।
প্রেম-বিয়ে নিয়ে নানা আলোচনার মধ্যে বুল্টিকে ঘিরে মিমির এই আবেগ যেন মনে করিয়ে দিল, জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো সব সময় আলোচনার কেন্দ্রে থাকা মানুষদের নিয়েই তৈরি হয় না। কখনো কখনো নীরবে পাশে থাকা মানুষটিই হয়ে ওঠেন সবচেয়ে আপন।




