চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের কাছে ঐতিহাসিক ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।
বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হলে সিপাহি-জনতার বিপ্লবের চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেনি।
সবকিছুর ঊর্ধ্বে তাদের কাছে বাংলাদেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নগরের সিআরবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলওয়ে খাতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে শ্রমিক-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাহবুবের রহমান শামীম বলেন, প্রকৃত শ্রমিকেরা নিজেদের প্রতিষ্ঠানের ক্ষতি চান না। একটি মহল শ্রমিক আন্দোলনের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি, গাড়িতে আগুন দেওয়া ও সড়কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে।
আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বাধা ও প্রতিকূলতার মধ্যেও রেলওয়ের শ্রমিকেরা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে শামীম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানাই। তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। যারা গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতন করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং গণতন্ত্র ধ্বংস করেছে, তারাই এখন দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও একইভাবে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের দিন। বাংলাদেশ যতবার ৭ নভেম্বরের চেতনা থেকে বিচ্যুত হয়েছে, ততবারই দেশের স্বাধীনতা ও জনগণের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। দল, ধর্ম ও বর্ণনির্বিশেষে এ দেশের সব নাগরিকের গর্বিত পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। এই পরিচয়ই আমাদের ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছে। ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি আরও সুদৃঢ় করেছিল।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন। মোশতাক নিজেও শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য ছিলেন। অথচ তখন বিএনপি নামের কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না। তাই ওই সময়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহের দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ নেই। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। তিনি দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করেন। জনশক্তি রপ্তানি ও তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক দল নেতা মো. কামাল উদ্দিন, শামসুল আলম, মনোয়ারা বেগম, মারুফ হোসেন, জিয়াউর রহমান, মফিজুর রহমান, এম কে মুজিব, ইখতেখার মেহেদী, ইউসুফ, আমীর হোসেন, মাসুদুর রহমান বাবু, মনসুর আলম, শরিফুল ইসলাম স্বপন, এনামুল হক, এহসান আলী ও আব্দুল মাজেদ প্রমুখ।
জেএন/এমআর




