চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল জালিয়াতির ব্যাধি যেন এক দীর্ঘস্থায়ী ব্যাধিতে রূপ নিয়েছে। ১০ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া কিংবা একাধিক বিষয়ে ফেল করেও জিপিএ-৫ পাইয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনাগুলো প্রমাণ করে, বোর্ডের ভেতরকার আইসিটি ও মূল্যায়ন ব্যবস্থাপনায় গভীর কোনো গলদ রয়েছে।
একের পর এক মামলা, একাধিক তদন্ত কমিটি এবং উচ্চপর্যায়ের হুশিয়ারি সত্ত্বেও এই অনিয়ম থামছে না বরং প্রতিবারই প্রশ্ন থেকে যাচ্ছে-আড়ালেই থেকে যাচ্ছে কি আসল কুশীলবরা?
সর্বশেষ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় বোর্ডের কম্পিউটার সেলের তিন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী এবং এক শিক্ষার্থীকে আসামি করে মামলা হয়েছে।
১০ বিষয়ে অকৃতকার্য ওই শিক্ষার্থীর ১১টি বিষয়ের সৃজনশীল নম্বর যেভাবে এক লাফে বাড়িয়ে জিপিএ-৫ এর উপযোগী করা হয়েছে, তা কেবল সাধারণ কোনো ভুল নয়, বরং সুপরিকল্পিত ডিজিটাল কারসাজির ফল।
বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন পাঁচলাইশ থানায় এই মামলা করলেও, কারিগরি প্রক্রিয়ার মূল চালিকাশক্তি-প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের বাইরে রাখায় পুরো প্রক্রিয়াটি নিয়েই প্রশ্ন উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, ফলাফল প্রস্তুত বা মূল সার্ভারে প্রবেশের মূল ইখতিয়ার প্রোগ্রামারদের। অথচ দায় চাপানো হয়েছে স্ক্যানিং ও কম্পিউটার অপারেটরদের মতো প্রান্তিক কর্মচারীদের ঘাড়ে।
বুয়েটের অনলাইন ব্যবস্থাপনা ও আইটি কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে এই চক্র কীভাবে বারবার পার পেয়ে যায়, তা খতিয়ে দেখা জরুরি।
এর আগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির আলোচিত মামলাটির অবস্থাও সুখকর নয়। পুলিশের অভিযোগপত্র এবং আদালতের নথিতে ডিজিটাল তথ্য-প্রমাণের ঘাটতি স্পষ্ট। ১২টি উত্তরপত্র পুনর্নির্ধারণের আবেদনকারী কে ছিলেন, তা তিন দফা তদন্তেও রহস্যই থেকে গেছে।
নামসর্বস্ব টেলিটক নম্বর বা ভুয়া ফেসবুক আইডির আড়ালে লুকিয়ে থাকা সেই অদৃশ্য মাথাগুলো আজও ধরাছোঁয়ার বাইরে।
সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারা আলমের মতে, বোর্ডে জবাবদিহি ও বিচারহীনতার সংস্কৃতির সুযোগেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
এমতাবস্থায় নতুন মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের গুঞ্জন উঠলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। কেবল নামেমাত্র মামলা কিংবা দায়সারা তদন্ত দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষয়প্রাপ্ত আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়।
প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ ডিজিটাল ফরেনসিক পরীক্ষা-যা সার্ভার লগ, আইপি অ্যাড্রেস এবং ইউজার আইডি খতিয়ে দেখে আসল কুশীলবদের মুখোশ উন্মোচন করবে।
চট্টগ্রামবাসীর এখন একটাই প্রত্যাশা-প্রভাবশালীদের আড়াল করার সংস্কৃতি ভেঙে সিআইডির নিবিড় তদন্তে বেরিয়ে আসুক জালিয়াতির পুরো নেটওয়ার্ক।




