চট্টগ্রামে এক বছরের আমলনামা তুলে ধরলেন ডিসি জাহিদ

অনলাইন ডেস্ক

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে নিজের কর্মকাণ্ড, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান, দুর্যোগ মোকাবিলা, নাগরিক সেবা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরেন তিনি।

- Advertisement -
google news follower

একই সঙ্গে সহযোগিতার জন্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

২০২৫ সালের ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করা জাহিদুল ইসলাম গত ১৮ নভেম্বর এক বছর পূর্ণ করেন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

- Advertisement -
islamibank

জেলা প্রশাসক বলেন, “মাঠ প্রশাসনের কাজে বাংলাদেশের বৈচিত্র্যময় জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম অন্যতম। এখানে এক বছর দায়িত্ব পালনের সুযোগ আমার কর্মজীবনের বড় প্রাপ্তি।”

তিনি জানান, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় বাস্তবতা এবং নাগরিক প্রত্যাশার সমন্বয় ঘটানো জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাগর, পাহাড় ও কর্ণফুলীবেষ্টিত চট্টগ্রামে জলাবদ্ধতা, বন্যা, পাহাড়ধস, অবৈধ দখল, মাদক ও পরিবেশদূষণ মোকাবিলায় কাজ করছে প্রশাসন।

দায়িত্ব গ্রহণের পর অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রামের ১৬টি আসনের প্রায় ৬৭ লাখ ভোটারের জন্য সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, কর্মকর্তাদের প্রশিক্ষণ, সিসিটিভি ও প্রযুক্তিনির্ভর নজরদারির উদ্যোগ নেওয়া হয়।

নির্বাচনী কর্মকর্তাদের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকার নির্দেশ দিয়ে যেকোনো পরিস্থিতিতে পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রে পৌঁছানোর আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি ‘বাংলাদেশকে জেতানোর নির্বাচন’ হিসেবে অভিহিত করেন।

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ‘জিরো ক্যাজুয়ালটি’ নীতি অনুসরণ করে প্রাণহানি ছাড়াই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে জেলা প্রশাসন। বিষয়টি সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্যের তালিকায় স্থান পেয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, সেখানে সরকারি প্রতিষ্ঠান স্থাপন ও পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি বাসিন্দাদের বাসস্থান, খাদ্য ও চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে।

জুলাইয়ের বন্যায় সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ করা হয়। ৯ আগস্ট প্রধানমন্ত্রী দুর্গত এলাকা সফর করেন।

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচিতে ২৫ জুলাই প্রথম দিনেই ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়।

পরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের আওতায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার ও ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন করা হয়।

২৭ অক্টোবর জেলার ১৬ উপজেলাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের অংশগ্রহণে একদিনে এক লাখ বৃক্ষরোপণ করা হয়। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে চট্টগ্রামে দেড় কোটি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিসি পার্কে এক লাখতম চারা রোপণ করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।

হালদায় শিল্পবর্জ্য ফেলার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রস্তাবও পাঠানো হয়েছে। কর্ণফুলীর দূষণ ও দখল রোধে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।

কৃষিজমির উর্বর মাটি রক্ষায় খাল খননের মাটি ইটভাটায় ব্যবহারের প্রস্তাব সরকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান চলছে।

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে ‘জিরো এরর পলিসি’ অনুসরণ করে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। কৃষি, মৎস্য ও পানি ব্যবস্থাপনায় খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

ঈদুল আজহায় ‘ফেস্টিভ সেল’ কর্মসূচিতে নিত্যপণ্যে মূল্যছাড়, প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানি, কারাবন্দীদের স্বজনদের সঙ্গে যোগাযোগে ‘স্বজন’ ইন্টারকম এবং ১০০ গ্রাম প্লাস্টিকের বিনিময়ে শিক্ষার্থীদের চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা চালু করা হয়।

প্রতি বুধবার গণশুনানিতে ভূমি বিরোধ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ নাগরিকদের অভিযোগ শোনেন জেলা প্রশাসক।

গুলিবিদ্ধ শিশু রেশমা, পাঁচ মাসের জয়া দাস ও এইচএসসি পরীক্ষার্থী জামশেদকে সহায়তার পাশাপাশি শীতবস্ত্র, এতিম শিশুদের ঈদের পোশাক, প্রতিবন্ধীদের অটোরিকশা ও হুইলচেয়ার এবং ক্যানসার ও কিডনি রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃদ্ধাশ্রম ও উপলব্ধি ফাউন্ডেশনের শিশুদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। শ্রমিকদের পাওনা আদায়ে মালিকপক্ষের সম্পদ বিক্রির উদ্যোগও নেওয়া হয়।

কালেক্টরেট ভবন, জিরো পয়েন্ট, ডিসি হিল, নজরুল স্কয়ার, নজরুল মঞ্চ, ডিসি বাংলো মসজিদ, সার্কিট হাউস ও জেলা স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে।

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হয়। নববর্ষে সার্কিট হাউস থেকে ডিসি হিল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক আলপনায় সাজানো হয়।

দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। জেএম সেন হলে প্রধানমন্ত্রীর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

চুয়েট উপাচার্যকে ৩০ ঘণ্টা অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার এবং সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার মহাসড়ক অবরোধ নিরসনে প্রশাসন ভূমিকা রাখে। আন্দোলনকারীদের আট দফা দাবির অধিকাংশ ২৪ ঘণ্টায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্পে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে মালিক সমিতির মাধ্যমে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসাসহায়তার ব্যবস্থা করা হয়।

তুরস্কের আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নিতে চুয়েটের ‘টিম স্টার‍্যাপ্টর’-কে এক লাখ টাকা দেওয়া হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ শিক্ষার্থী নিবন্ধন, অনলাইনে ভূমিসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের দাবি করেছে জেলা প্রশাসন।

সরকারি সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন জরুরি উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শুধু শাস্তির ভয় দেখিয়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তরুণ প্রজন্মের সচেতনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশ ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি বলেন, “আমি চাই না, আমার সন্তান এই দেশ ছেড়ে চলে যাক। আমরা সবাই একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশে বসবাস করতে চাই।”

জঙ্গল সলিমপুরের উন্নয়ন, নদীদূষণ ও জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখল প্রতিরোধ এবং সরকারি সেবার মানোন্নয়নকে আগামী দিনের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, গোয়েন্দা সংস্থা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, আপনাদের সহযোগিতায় আমাদের সার্বিক সফলতা সম্ভব হয়েছে। আগামী দিনেও একই সহযোগিতা প্রত্যাশা করি।

সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং নাগরিক প্রত্যাশা পূরণে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ