শীতের আগমনে চট্টগ্রামের কাঁচাবাজারে কয়েক ধরনের সবজির দাম কমলেও সাধারণ মানুষের সংসার খরচে স্বস্তি ফেরেনি।
মাছের চড়া দর, সপ্তাহের ব্যবধানে ডিম ও চালের দাম বেড়ে যাওয়া এবং মসলা, তেলসহ নিত্যপণ্যের বাজারে স্থবিরতা-সব মিলিয়ে সামগ্রিক বাজার ব্যয় কমাতে পারছেন না ক্রেতারা।
গত বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বাজারগুলো ঘরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় খুচরা বাজারে কয়েকটি পণ্যের দাম নিচের দিকে নেমেছে। বাজারে মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুনের কেজি ৬০ থেকে ৭০, বাঁধাকপি ও ফুলকপির কেজি ২০ থেকে ২৫ টাকা, পটল ৪০ থেকে ৫০, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০, করল্লা ৫০ থেকে ৫৫, গাজর ৮০ থেকে ১০০, শসা ৭০ থেকে ৮০, শিম ও শালগম কেজি ৬০ টাকা, খিরাই ৪০ থেকে ৪৫, কচুরলতি ৬০ থেকে ৬৫, সবুজ কলা প্রতি পিস ৪০ থেকে ৪৮ টাকায এবং আলু ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মুলা ও লাউসহ কয়েকটি সবজি তুলনামূলক কম দামে মিলছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির কারণেই মূলত কয়েকটি সবজির দাম কমেছে।
রেয়াজউদ্দিন বাজারের সবজি আড়তদার সমিতির নেতারা জানিয়েছেন, শীতের সবজি এখন বেশি আসছে। আগের তুলনায় বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলাসহ কয়েকটি সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় দামও কমেছে। তবে সব সবজির দাম সমানভাবে কমেনি। কিছু সবজি এখনো তুলনামূলক বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে চিত্র উল্টো। দুই সপ্তাহ আগে কয়েক দিন দাম কমতির দিকে থাকলেও এখন আবার তা বাড়ছে। ব্যবসায়ীদের ভাষ্য, সরবরাহ কমে যাওয়ায় দামে এই ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
বাজারে দেশি রুই প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০, থাইল্যান্ড ও মিয়ানমারের রুই নামে পরিচিত বড় আকারের রুই ৪০০ থেকে ৫০০ টাকা, মাঝারি কাতলা ৩৩০ থেকে ৩৮০, ছোট কাতলা ৩৩০ থেকে ৩৫০, বড় পাঙাশ ২০০ থেকে ২৬০, ছোট পাঙাশ ১৬০ থেকে ১৮০, রূপচাঁদা ৬২০ থেকে ১ হাজার ২০০, পোয়া ২৫০ থেকে ৩৫০, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ এবং মাঝারি চিংড়ি ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বড় গলদা চিংড়ির দাম ৯০০ থেকে ১ হাজার ৩০০ এবং ইলিশের দাম ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা।
মাছ বিক্রেতা কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, এ সপ্তাহে মাছের সরবরাহ আগের সপ্তাহের তুলনায় কম। বাজারে মাছ কম থাকলে দামও কমানো যায় না। ক্রেতারা দাম শুনে অনেক সময় কম পরিমাণে মাছ কিনছেন, কেউ কেউ আবার ছোট মাছ বা তুলনামূলক কম দামের মাছের দিকে ঝুঁকছেন।
মাংসের বাজারে সপ্তাহের ব্যবধানে তেমন নড়চড় নেই। গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৯৫০, খাসির মাংস ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৫০, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০, সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ এবং দেশি মুরগি ৬৪০ থেকে ৬৬০ টাকায় বিক্রি হয়েছে।
তবে ডজনপ্রতি ডিমের দাম সপ্তাহের ব্যবধানে প্রায় পাঁচ টাকা বেড়েছে। ফার্মের লাল ডিম ১৩৫ এবং সাদা ডিম ১৩০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের মতে, পাইকারি বাজারে দরের ওঠানামার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।
চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে।
বাজারে মিনিকেট প্রতি কেজি ৭০ থেকে ৭৫, নাজিরশাইল ৭৫ থেকে ৮০, পাইজাম ৬০ থেকে ৬৫, স্বর্ণা ৫৫ থেকে ৬০, আতপ চাল ৬০ থেকে ৭০ এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে।
মুদিপণ্যের দরেও স্বস্তির কোনো বার্তা নেই। বাজারে দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০, কাঁচামরিচ ৪৫ থেকে ৫০, আমদানিকৃত রসুন ১৫০ থেকে ১৬০, দেশি রসুন ১৮০ থেকে ২০০, আমদানিকৃত আদা ১১০ থেকে ১২০, দেশি আদা ১৪০ থেকে ১৬০ এবং চিনি ১০৮ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভোজ্যতেল ও লবণের ক্ষেত্রে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৭ থেকে ১৮৮, বোতলজাত সয়াবিন ২০৫ থেকে ২১০, পাম তেল ১৭০ থেকে ১৮৫ এবং দেশি সরিষার তেল ২৩০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। খোলা লবণ ২২ থেকে ২৪ এবং প্যাকেটজাত লবণ ৩৬ থেকে ৪২ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
ডালের বাজারে আমদানিকৃত মোটা মসুর ৮৫ থেকে ৯০, দেশি সরু মসুর ১৬০ থেকে ১৬৫, আমদানিকৃত মুগ ১৪০ থেকে ১৪৫, দেশি মুগ ১৬৫ থেকে ১৭০, ছোলা ৯৫ থেকে ১০০, খেসারি ৭৫ থেকে ৮৫, কলাই মটর ৬০ থেকে ৬২ এবং কলাই ডাল ১৫০ থেকে ১৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া খোলা আটা ৪৫ থেকে ৫০, ময়দা ৬০ থেকে ৬৫ এবং সুজি ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে মিলছে। মসলার মধ্যে গুঁড়া হলুদ ২২০ থেকে ২৬০, গুঁড়া মরিচ ৩২০ থেকে ৪০০, ধনিয়া গুঁড়া ২২০ থেকে ২৮০ এবং জিরা ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
কয়েকটি সবজির দাম কমলেও দৈনন্দিন ব্যয় সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বল্প ও সীমিত আয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, মাছ, চাল, ডিম ও নিত্যপণ্যের চড়া দাম সবজির সামান্য স্বস্তি পুরোপুরি গ্রাস করে নিচ্ছে।
বিভিন্ন বাজারে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলে তারা জানিয়েছে, আয় সীমিত। মাস শেষে বেতন পেলেও বাসাভাড়া, ছেলেমেয়েদের পড়াশোনা, খাবার ও সংসারের অন্যান্য খরচ মেটাতে গিয়ে টাকা শেষ হয়ে যায়। বাজারে সবজির দাম কমেছে শুনে কিছুটা আশার কথা মনে হয়, কিন্তু মাছ, চাল, ডিম ও অন্যান্য জিনিস কিনতে গেলেই সেই টাকা চলে যায়। পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে চলার ইচ্ছা থাকলেও সব চাহিদা পূরণ করতে পারি না। অনেক সময় নিজের প্রয়োজন বাদ দিয়ে পরিবারের জন্য কেনাকাটা করতে হয়।
অপর এক দিনমজুরের ভাষ্য, বাজারে সব জিনিসের দাম বেশি। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ, বাসাভাড়া আর খাবার জোগাতে গিয়ে অনেক প্রয়োজনীয় জিনিস কিনতে পারি না।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি জোরদার এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভোক্তা অধিকারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট নাজের হোসাইন বলেন, বাজারে সরবরাহ, পাইকারি ও খুচরা পর্যায়ের মূল্য ব্যবধান এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রবণতা নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। বাজার তদারকি জোরদার করার পাশাপাশি ভোক্তাদের স্বার্থে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।




