চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার মহাজন গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
তিনি হৃদরোগ, কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত। ৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এই প্রবীণ সাংবাদিককে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাংবাদিক স্বপন কুমার মহাজন মুক্তিযুদ্ধের পক্ষের একজন নিবেদিতপ্রাণ আদর্শবান, সৎ ও নির্ভিক সাংবাদিক। ১৯৬৮ সাল থেকে সাংবাদিকতা শুরু করা স্বপন মহাজন গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক, খেলাঘরসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি।
তিনি দৈনিক আজাদ, চট্টগ্রামের দৈনিক আজাদী, দৈনিক স্বাধীনতা, দৈনিক নয়াবাংলাসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
জয়নিউজ/পলাশ/আরসি




