জয়নিউজবিডি ডেস্ক: ফ্রান্স বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে ব্যালন ডি’অরের তালিকায় নিজেকে রাখলেও রাখেননি পাঁচ বারের বর্ষ সেরা ফুটবলার লিওনেল মেসিকে। ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলারের সেরা পাঁচের তালিকায় স্থান পেয়েছেন ভারানে, নেইমার, লুকা মদ্রিচ এবং ক্রিস্তিয়ানো রোনালদো।
রাশিয়া বিশ্বকাপে সবার চেয়ে আলাদা ভাবেই নজর কেঁড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। জিতেছেন ফিফার ২১তম আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। আসরে একমাত্র টিনেজার এই ফুটবলার করেছেন মোট চারটি গোল। মূলত নিজের গতি দিয়েই সবার নজরে আসেন এই তরুণ ফুটবলার।
সাংবাদিকরা এমবাপের কাছে জানতে চান তিনি ব্যালন ডি’অরের দৌঁড়ে সেরা পাঁচে কাকে কাকে রাখবেন। এমন প্রশ্নের উত্তরে এমবাপে বলেন,‘তালিকা পূরণ করতে হলে আমি নিজেকে রাখতে চাইবো। তারপর বলেন ভারানে, নেইমার, মদ্রিচ, রোনালদোর কথা। কিন্তু তার তালিকার কোথাও নেই আর্জেন্টাইন তারকা মেসির নাম।
অথচ গত কয়েক বছর ধরে ব্যালন ডি’অর মানেই হচ্ছে মেসি-রোনালদো। গতবছর এই তালিকার সাত নম্বরে ছিলে ফরাসি তারকা এমবাপে। আর তিন নম্বরে ছিলেন ব্রাজিল সুপারস্টার নেইমার।
জয়নিউজবিডি/ বিপি




