ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

- Advertisement -

নিহত মো. মহসিন (৩০) রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেদ আলী বাড়ির নুরুল আলমের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন।

- Advertisement -
google news follower

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গত ১ মে ওমানের মাস্কাটের আল খয়ের এলাকায় কর্মস্থল থেকে ব্যাটারিচালিত মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মহসিন।

পথে মোটরসাইকেলটি বিকল হয়ে গেলে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন।

- Advertisement -
islamibank

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাডো গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাস্কাটের ডারসেইট এলাকার সরকারি খৌলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

ওমানে অবস্থানরত একই এলাকার বাসিন্দা তৈয়ব খান বলেন, “মহসিন খুব পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ২০১৭-১৮ সালের দিকে তিনি প্রথম ওমানে যান।

কয়েক মাস আগে দেশে এসে বিয়ে করেন। বিয়ের দুই-তিন মাস পর আবার কর্মস্থলে ফিরে যান। নতুন সংসার শুরু করতেই এমন দুর্ঘটনা ঘটে গেল।”

মহসিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পারুয়া ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। পরিবারের ছোট ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনেরা।

পরিবার জানিয়েছে, তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ