দুঃস্থ মানুষের পাশে মাইজভাণ্ডারী ট্রাস্ট, বিভিন্ন খাতে সহায়তার চেক বিতরণ

অনলাইন ডেস্ক

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

- Advertisement -

রোববার (২১ জুন) ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪২ লাখ ৮৯ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।

- Advertisement -
google news follower

দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু চৌধুরী

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং রাশেদ খান

- Advertisement -
islamibank

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “আল্লাহর আউলিয়া কেরাম মানবসেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডসমূহ তারই প্রতিফলন।”

তিনি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’-কে একুশে পদক অথবা স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান।

সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.) বলেন, সুফিয়ায়ে কেরাম কখনো প্রতিদান বা আনুগত্যের প্রত্যাশায় নয়, বরং আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামাজিক খেদমত করে গেছেন। সেই ধারাবাহিকতায় ট্রাস্টও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ-মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।

ট্রাস্ট সূত্রে জানা যায়, এদিন ২টি মসজিদ নির্মাণে সহায়তা, ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান, ৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ২ জনকে আলেম সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ৩৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩ জনকে আয়বর্ধক খাতে, ২ জনকে বিদেশ যাত্রায়, ১০ জনকে কন্যার বিয়েতে, ২ জনকে ঋণ পরিশোধে এবং ২ জনকে গৃহ মেরামতের জন্য সহায়তা দেওয়া হয়।

সব মিলিয়ে ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪২ লাখ ৮৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন অতিথিরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ