আলিফ হত্যা মামলায় দ্বিতীয় সাক্ষীর জবানবন্দি,চিন্ময়ের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

নগরীর কোতোয়ালি থানার আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত।

- Advertisement -

একই আদালত চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

- Advertisement -
google news follower

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত সাক্ষ্য দেন। এ সময় বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

মামলার শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি আদালতে যুক্ত হন। অপর আসামিদের কারাগার থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

- Advertisement -
islamibank

মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আদালতে ঘটনার বর্ণনা দেওয়ার সময় আলিফ হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত বারবার আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তার সাক্ষ্যগ্রহণের সময় এজলাসে শোকবিধুর পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। তবে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দ্বিতীয় সাক্ষীর জেরা গতকাল শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবী পুনরায় সময়ের আবেদন করেন।

আদালত সেই আবেদন মঞ্জুর করে জেরার পরবর্তী তারিখ আগামী ২০ আগস্ট নির্ধারণ করেন। একই দিনে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে করা জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আলিফের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০২৫ সালের ১ জুন আলিফ হত্যা মামলায় চট্টগ্রাম আদালতের সংশ্লিষ্ট শাখায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন সিএমপির কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

এখন মামলার বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ চলছে। দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণকে ঘিরে গতকালের শুনানিতে এজলাসে তৈরি হওয়া আবেগঘন পরিবেশ এবং পরবর্তী জেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে মামলার বিচারপ্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ