এ শহর আমাদের সবার-এই উপলব্ধি থেকেই চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
তিনি বলেছেন, শুধু নগর কর্তৃপক্ষের উদ্যোগে একটি শহরকে সুন্দর ও নান্দনিক করে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও দায়িত্বশীল আচরণ।
গতকাল নগরীর হালিশহরস্থ গ্রীণভ্যালি রেস্টুরেন্টে মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
এ শহর আমাদের সবার। তাই শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর শহর গড়ে তোলার দায়িত্ব কেবল নগর কর্তৃপক্ষের নয়, নাগরিকদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, বাসার ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
নগরীর শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আইন-কানুন মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন সিডিএ চেয়ারম্যান।
তিনি বলেন, নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক নগরীতে পরিণত করা সম্ভব।
এ সময় সন্দ্বীপের সন্তান হিসেবে সন্দ্বীপের উন্নয়নেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রকৌশলী বেলায়েত হোসেন।
মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুজিত নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মোঃ দিদারুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিঃ হেদায়েত উল্লাহ, মাস্টার শামসুল আলম ও আব্দুর রহমান সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হুমায়ন কবীর, আলতাফ হোসেন, আলহাজ্ব শাহ আলম, মোঃ আব্দুল বায়েস, মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসাইন ভূঁইয়া আকবর, জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফোরকান উদ্দিন রিজভী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আবুল কাসেম, সহ-সভাপতি লায়ন বাবু সুভাষ দাস, সহ-সভাপতি এম. নাজিম উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্নাসহ সংগঠনের আরও অনেক সদস্য।
স্মৃতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের আবহে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজ ও এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




