আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রামের কারাতেকাদের সম্মান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক অর্জন এবং নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক জয়ের গৌরব অর্জনকারী বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পদকজয়ী শিক্ষার্থীদের সাফল্যের কথা শুনে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো করার জন্য উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ পথচলায় বিভিন্ন দিকনির্দেশনা দেন।
শুধু প্রতিযোগিতার মঞ্চে পদক জয় নয়, দেশের জন্য আরও বড় অর্জনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
তাঁর উৎসাহ ও অনুপ্রেরণায় পদকজয়ী শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও আত্মবিশ্বাসের নতুন উচ্ছ্বাস।
সাফল্যের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসক পদকবিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন এবং হাতে তুলে দেন সনদ। এতে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় বিশেষ আনন্দের মুহূর্ত।
জেলা প্রশাসকের কাছ থেকে এমন স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে কারাতে চর্চায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যদের এ সাফল্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সম্ভাবনাকেও নতুন করে সামনে এনেছে।
কঠোর অনুশীলন, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে তরুণ কারাতেকাদের এ অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে-এমন প্রত্যাশাই ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সহ-সভাপতি বুজেট ডায়েস, উষা হ্লা মারমা এবং এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ ও বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা কোচ এবং সাধারণ সম্পাদক শিহান এ বি রনি।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এবং জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা যে সাফল্যের স্বাক্ষর রেখেছেন, জেলা প্রশাসকের এই শুভেচ্ছা ও স্বীকৃতি তাদের সেই অর্জনে যোগ করেছে নতুন মাত্রা।




