মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে ‘পেটানোর’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে। কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়।

- Advertisement -

এ ঘটনায় খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আবদুর রহিম।

- Advertisement -
google news follower

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক গত বৃহস্পতিবার খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়েছে।

মামলা হওয়ার পর শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। পুলিশ বলছে, এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করেন।

- Advertisement -
islamibank

পুলিশের ভাষ্য, একপর্যায়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে ওসি মোহাম্মদ আবদুর রহিম, তার বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।

পুলিশ জানায়, হামলার একপর্যায়ে ওয়াকিল হোসেন তার বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, বগার বিরুদ্ধে মামলা নেওয়ার পর গতকাল রাতে আমার সরকারি নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে আমাকে পেটানোর হুমকি দেন। আমি এসব হুমকিতে ভয় পাই না। জনগণের জানমাল রক্ষায় সব সময় সচেষ্ট থাকব।

পুলিশ জানায়, সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ