হোপ-আলজারিকে ছাড়াই বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ, দলে ফিরলেন ক্যাম্পবেল

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

- Advertisement -

ঘোষিত দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ।

- Advertisement -
google news follower

তবে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম। দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেলও।

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়।

- Advertisement -
islamibank

দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৫ নভেম্বর, সিলেটে। ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে দুই দলই ভালো ফলের প্রত্যাশায় থাকবে।

দুর্দান্ত ছন্দে থাকা শাই হোপকে বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।

অন্যদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আলজারি জোসেফকে টেস্ট দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তে জোসেফেরও সম্মতি ছিল।

জোসেফের ক্ষেত্রে মূল বিবেচনা চোটের ঝুঁকি এড়িয়ে চলা। আর হোপের বিশ্রামের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তিন সংস্করণেই নিয়মিত খেলতে হওয়ায় তাঁর কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতে চায় বোর্ড।

২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে হোপের ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশ সফরের টেস্ট দল থেকে বাইরে রাখা হয়েছে তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নতুন মুখ কেভিন উইকহ্যাম। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন বার্বাডোজের ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

গত এপ্রিল ও মে মাসে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। ইনিংসগুলো ছিল ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রানের। প্রতিযোগিতায় সব মিলিয়ে ৩৯৩ রান করে ৭৮.৬০ গড়ে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

শুধু সাম্প্রতিক পারফরম্যান্সই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন উইকহ্যাম। ২৫ ম্যাচে ছয়টি সেঞ্চুরিসহ তাঁর ব্যাটিং গড় ৪০.৮৮। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে নিজেকে প্রমাণের মঞ্চ পাবেন এই তরুণ।

বাংলাদেশ সফরের দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।

ক্যাম্পবেলের ফেরায় দল থেকে বাদ পড়েছেন কার্ক ম্যাকেঞ্জি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ক্যাম্পবেলের বিকল্প হিসেবে দলে জায়গা পেলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

এদিকে আলজারি জোসেফের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার কেমো পল। ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে নতুন মুখ ও দলে ফেরা খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবীয়রা।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। পয়েন্ট তালিকায় বর্তমানে অষ্টম স্থানে থাকা দলটি বাংলাদেশের বিপক্ষে ভালো ফল করে নিজেদের অবস্থান উন্নত করতে চাইবে।

অন্যদিকে তালিকার চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের জন্যও সিরিজটি গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে প্রত্যাশিত ফল পেলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ পাবে স্বাগতিকরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ