চট্টগ্রামের সীতাকুণ্ডে মা ইলিশ শিকারবিরোধী অভিযানে ৬ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা।
এ ছাড়া ৬ দশমিক ২ মেট্রিক টন মা ইলিশসহ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। অভিযানে ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ডে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখা।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখার কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেন।
অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাছ এতিমখানা, হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধভাবে মাছ শিকার এবং কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।




