পেশাদার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ১০০০ গোল করার নতুন লক্ষ্য স্থির করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে গড়পড়তা পারফরম্যান্স ও জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়া নিয়ে তিনি বিতর্কের জন্ম দিলেও আল নাসরে ফিরে প্রায় নিয়মিত হয়ে গোল পাচ্ছেন। এবার স্রেফ ১৫ মিনিটেই হ্যাটট্রিক করলেন সিআরসেভেন।
সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) রিয়াদের আল-আউয়াল পার্ক মাঠে আল খুলুদের মুখোমুখি হয় আল নাসর। ৮ গোলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে আল নাসর ৫-৩ ব্যবধানে জিতেছে। যেখানে হ্যাটট্রিকের পর পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫–তে। নিজের মাইলফলক থেকে তিনি আর ১৫ গোল দূরে আছেন।
যদিও ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি হজম করে আল নাসর। আল খুলুদকে লিড এনে দেন জুলিয়েন ডমিঙ্গেজ। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে নাসর সমতায় ফেরে। ৩৮ মিনিটে সাদিও মানের গোলে লিডও পেয়ে যায় রিয়াদের ক্লাবটি। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির আগমুহূর্তে ইনজুরি সময়ে অ্যান্তোইন আসোম্বা স্কোরলাইন ১-১ করেন।
আল নাসর দাপট দেখাতে শুরু করে দ্বিতীয়ার্ধে। বিশেষ করে ৬৬, ৭২ ও ৮১ মিনিটে রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করলেই তারা ৫-২ গোলে এগিয়ে যায়। ডি-বক্সের কাছে সতীর্থের বাড়ানো পাসে দুটি এবং আরেকটি ক্রসে দেওয়া হেডে ক্লাবটির জার্সিতে সপ্তম হ্যাটট্রিক পেয়েছেন পর্তুগিজ তারকা। সবমিলিয়ে ক্যারিয়ারের ৬৭তম (রিয়াল মাদ্রিদে ৪৪, পর্তুগাল জাতীয় দলে ১০, আল নাসরে ৭ এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসে তিনটি করে) হ্যাটট্রিক হয়েছে রোনালদোর। তার চিরপ্রতিদ্বন্দ্বীর মেসি করেছেন ৬২ হ্যাটট্রিক।
ম্যাচের শেষদিকে পেনাল্টিতে ডমিঙ্গেজ এক গোল করে আল খুলুদের (৫-৩) হয়ে ব্যবধান কমান। রোনালদো আগে থেকে পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে রেখেছিলেন। দুইয়ে থাকা মেসির (৯৩৬) সঙ্গে সেই ব্যবধানটা বাড়িয়ে নিলেন ৪৯–এ।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে রোনালদো লিখেছেন, ‘দারুণ জয়, দলের দুর্দান্ত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে অবদান রাখতে পেরে আনন্দিত!’ ২৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের টেবিলের দুইয়ে আছে আল নাসর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আল কাদসিয়া শীর্ষে অবস্থান করছে।
জেএন/এমআর




