প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর একাংশের গ্রাহক।
প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে টানা ২৪ ঘণ্টা বন্ধ বা বিঘ্নিত হতে পারে রিচার্জ সেবা।
এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়ের আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে ডেসকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বন্ধ অথবা বিঘ্নিত হতে পারে।
তবে এ সতর্কতা ডেসকোর সব প্রিপেইড গ্রাহকের জন্য নয়। যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, কেবল তাঁদের মিটারেই এ সাময়িক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট গ্রাহকদের নির্ধারিত সময় শুরুর আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ডেসকো।
সংস্থাটির পরামর্শ, রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও যেন বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
এ ছাড়া এ বিষয়ে যেকোনো প্রয়োজনে ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।




