সীমানা পিলার ভাঙা থেকে সংঘর্ষ, প্রাণ গেল শহিদুল ইসলাম মনার

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম মনা (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন।

- Advertisement -

এ ঘটনায় তাঁর বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -
google news follower

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

- Advertisement -
islamibank

রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। এ নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে ফিরে যায়।

তবে বিরোধের উত্তাপ সেখানেই থামেনি। রাত ১০টার দিকে মনা তাঁর বোনজামাই মো. মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবুল কাশেমের পরিবারের সদস্যদের সঙ্গে আবারও বাগ্‌বিতণ্ডায় জড়ান।

এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে তাঁর সঙ্গে মনারের হাতাহাতি হয়।

পরে স্থানীয় লোকজন দুই পক্ষকে নিবৃত্ত করে বাড়ি পাঠিয়ে দেন। এরপরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে ছুরি নিয়ে বাড়িতে আসেন।

পরে ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আব্দুল খালেক বুলুর বসতঘরের সামনে যান।

সে সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। অভিযোগ অনুযায়ী, আরমান ও ফুয়াদ তাঁর ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

মনা মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে বাঁচাতে এগিয়ে যান বোনজামাই মামুন। এ সময় তাঁকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে মনারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ