উত্তাল সাগরের বাধা পেরিয়ে আবার সেন্টমার্টিনের পথে পাঁচ জাহাজ

অনলাইন ডেস্ক

টানা তিন দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল।

- Advertisement -

সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ রোববার (২২ নভেম্বর) সকাল থেকে এ পথে জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। এতে দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফেরার পথ খুলেছে, পাশাপাশি স্বাভাবিক হয়েছে পর্যটকদের যাতায়াত।

- Advertisement -
google news follower

রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি পর্যটকবাহী জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে করে দ্বীপটিতে যান ১ হাজার ৮৭০ জন পর্যটক।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপে আটকে থাকা ৯ শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো বিকেল চারটায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। সাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকেরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

- Advertisement -
islamibank

এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকা পড়েন। তাঁদের মধ্যে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ৬০০ পর্যটক কক্সবাজারে ফিরে আসেন।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।’

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার সকাল থেকে ৩ নম্বর সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

টানা তিন দিন জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের যাতায়াতে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটতে শুরু করেছে। একই সঙ্গে দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

সাগরের পরিস্থিতি স্বাভাবিক থাকায় আপাতত স্বস্তি ফিরেছে পর্যটক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও জাহাজ পরিচালনাকারীদের মধ্যে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ