নগরের পাহাড়তলীর সাগরিকা গরুর বাজার এলাকায় কথাকাটাকাটির জের ধরে মোবারক হোসেন (২০) নামে এক কিশোর খুন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন দক্ষিণ কাট্টলী মুরগী ফার্ম এলাকার মোশারফ হোসেনের ছেলে।
এ ঘটনায় মো. রুবেল (১৮) ও মো. হৃদয় (১৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃতরা কিশোর অপরাধী।
পুলিশ জানায়, “রাত সাড়ে ১২টার দিকে সাগরিকা গরুর বাজারের বিপরীতে বসে গল্প করার সময় পূর্বের একটি ছিনতাই করা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে নিহত মোবারক রুবেলকে থাপ্পড় দেয়। এসময় রুবেল সেখান থেকে চলে গিয়ে তার অন্য সহযোগীদের নিয়ে এসে মোবারককে মারধর করে। এক পর্যায়ে বাঁশ দিয়ে মোবারককে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, মোবারক ও হত্যাকারীরা সবাই একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন এলাকায় ঘুরে চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করত। রাতে কথা কাটাকাটির জের ধরে খুন হয় মোবারক।
পরে দক্ষিণ কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে রুবেল ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
জয়নিউজ/পিডি




