চবিতে সাংবাদিক হেনস্তার দায়ে ছাত্রলীগ কর্মীকে শোকজ

সাংবাদিক হেনস্তার দায়ে জুনায়েদ হোসেন জয় নামে এক ছাত্রলীগ কর্মীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

- Advertisement -

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পক্ষ থেকে তিন দিনের সময় দিয়ে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগের পর এ ব্যবস্থা নেয় প্রশাসন।

- Advertisement -
google news follower

অভিযুক্ত জয় ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। সে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

চবিসাসের অভিযোগ, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে বন্ধুবান্ধবসহ দুপুরের খাবার খেতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী। এসময় ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয় এসে জোবায়েরকে আচমকা বেশ কয়েকবার ‘তুই’ সম্বোধন করে ধাক্কা দিয়ে সরতে বলে। কিন্তু এর কিছু সময় পর জুনায়েদ নামে ওই ছাত্রলীগ কর্মীর এক বন্ধু ওই খাবারের দোকানে আসলে সে আবারও জোবায়েরকে ধাক্কা দিয়ে উঠে যেতে বলে। এসময় জোবায়ের বিষয়টি জানতে চাইলে তাকে শার্টের কলার ধরে মারতে উদ্যত হয় ছাত্রলীগ কর্মী জুনায়েদ। ঘটনার সময় উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা জোবায়েরের পরিচয় দিলেও জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ফের অসৌজন্যমূলক আচরণ করে। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিয়েও বিরূপ মন্তব্য করে সে।

- Advertisement -
islamibank

তবে কলার ধরা ও ধাক্কা দেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয় বলেন, ‘বড় ভাইয়ের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। তার পরিচয় জানতে পেরে ‘স্যরি’ও বলেছি।’ এমনকি উভয়পক্ষে মীমাংসাও করা হয়েছে বলে দাবি করে জয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু জয়নিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন আমরা তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিব। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অধিকার কারো নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান জয়নিউজকে বলেন, আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছাত্রকে ইতোমধ্যেই শোকজ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নিব।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ