৫ গোল দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু ব্রাজিলের

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের অভিযান শুরু হয়েছে সেলেসাওদের গোলোৎসব করে। ঘরের মাঠে ব্রাজিল পেয়েছে ৫-০ গোলের দাপুটে জয়।

- Advertisement -

শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচে প্রথমার্ধে ব্রাজিল পায় ২ গোল, এরপর দ্বিতীয়ার্ধে আসে আরও ৩টি। জোড়া গোল করেছেন রবের্তো ফিরমিনো। আর একবার করে জাল খুঁজে পেয়েছেন মারকিনুস ও ফিলিপে কুতিনিয়ো। অন্য গোলটি এসেছে আত্মঘাতী থেকে। চোট শঙ্কা কাটিয়ে মাঠে নামা নেইমার বল লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অবদান রেখেছেন দুটি গোলে।

- Advertisement -
google news follower

১১ মাস পর প্রথমবার মাঠে নামা, তাও আবার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু ব্রাজিলকে দেখে সেটা বোঝার উপায় কই! ছন্দময় ফুটবলে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাই শুরু করেছে দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে।

বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলেছে ব্রাজিল। প্রথম তিন মিনিটে ২ গোলে পেয়ে যেতে পারতো তারা। যদিও এভারটন ও মারকিনুস সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন। তৃতীয় মিনিটে হেড পোস্টের বাইরে দিয়ে চলে গেলেও ১৬তম মিনিটে আর ভুল করেননি মারকিনুস। প্যারিস সেন্ত জার্মেই ডিফেন্ডারের হেডেই গোলোৎসবের শুরু ব্রাজিলের। দানিলোর ক্রস জোরালো হেডে পাঠিয়ে দেন তিনি জালে।

- Advertisement -
islamibank

সফরকারীদের ভঙ্গুর রক্ষণ আরেকবার স্পষ্ট হয় যখন রেনান লোদি একেবারে ফাঁকায় থেকে ছয় গজ বক্সের ভেতর ক্রস করেন ফিরমিনোকে। লিভারপুল ফরোয়ার্ডের গোল করতে কোনও অসুবিধাই হয়নি।

বিরতির পর এই ফিরমিনো আবারও নাম তোলেন স্কোরশিটে। এবারের গোলে অবদান রাখেন নেইমার। পিএসজি ফরোয়ার্ডের পাস ধরে যখন তিনি বল জালে জড়ালেন, ম্যাচ ঘড়িতে তখন ৪৯ মিনিট।

এক নম্বর গোলকিপার আলিসনের চোটে ব্রাজিলের গোলবারের নিচে দাঁড়ানো ওয়েভার্টনকে ৫০ মিনিটে ব্রুনো মিরান্দার শটের আগ পর্যন্ত কিছুই করতে হয়নি। অন্যদিকে গোলের জন্য আরও মরিয়া হয়ে উঠে ব্রাজিল। আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে। ৬৬ মিনিটে তেমনই একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন হোসে কারাসকো।

এরপর শেষ বাঁশি বাঁজার ১৭ মিনিট আগে নেইমারের পাস ধরে বলিভিয়ার কফিনে শেষ পেরেকটি মারেন কুতিনিয়ো। নেইমার গোল না পেলেও ব্রাজিলের খেলার প্রাণ ছিলেন তিনিই। অনুশীলনের বাইরে থেকে পুরো ৯০ মিনিট খেলার সঙ্গে সতীর্থদের দিয়ে ২ গোল করে ব্রাজিলের জার্সিতে আবারও নিজেকে প্রমাণ করেছেন ১০২তম ম্যাচ খেলতে নামা ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ