বঙ্গোপসাগরে একটি লঘুচাপের কারণে গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলই ছিল বৃষ্টিহীন। এ সময় সবচেয়ে বেশি ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় গরম বাড়ছে। বৃহস্পতিবারও (৮ সেপ্টেম্বর) দেশের অন্যান্য অঞ্চলের মতো ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছেন রাজধানীবাসী।
আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। কুমিল্লা, চাঁদপুর, যশোর এবং সাতক্ষীরার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।
জয়নিউজ/পিডি




