অস্ত্রসহ চার যুবককে আটকের তথ্য দিয়েছেন র্যাব-১১। তাদের দাবি শনিবার (১৯ নভেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ রবিবার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক চার যুবকের কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপ গান ও ১টি ১২ বোর পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো.আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মুহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো.ইমাম হোসেন দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো.আব্দুর রহমান (২২) ও মো.আবুল খায়েরের ছেলে মো.সাইফুল ইসলাম সুজন (২৫)।
র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আটককৃতরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
জেএন/পিআর




