চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে জাফর আহমদ নামের এক ব্যবসায়ীর বসতঘর লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলমের সহযোগীদের বিরুদ্ধে এই সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতঙ্কিত ওই পরিবারকে মুঠোফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি বাড়ির একটি জানালা লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান।
তবে সৌভাগ্যবশত ঘটনার সময় ওই কক্ষে পরিবারের কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গুলিতে বসতঘরের জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে।
ভুক্তভোগী জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে সন্ত্রাসী রায়হান মুঠোফোনে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।
ওই সময় তিনি ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন। বিষয়টি সে সময় তিনি পুলিশকে অবহিত করেছিলেন। এরপর দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকলেও গত বুধবার আবারও চাঁদার দাবিতে তাঁকে হুমকি দেওয়া হয়।
জাফর আহমদ আরও জানান, বাড়িতে গুলি ছোড়ার কিছুক্ষণ পরই সন্ত্রাসী রায়হান নিজে তাঁকে ফোন করেন। ফোনের কথোপকথনে তাঁকে বলা হয়, ‘টাকা দিসনি তো, আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’
এ বিষয়ে সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি করে চলে গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক জাফর আহমদকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তিনি নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পেলেই তার সহযোগীরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা ও গুলি চালাচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’ এর অন্যতম প্রধান সহযোগী এই রায়হান।
দীর্ঘকাল অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকা এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে ভালো ধারণা থাকার কারণে রায়হান নিজের অবস্থান গোপন রাখতে সক্ষম হচ্ছেন, যা তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়াকে কঠিন করে তুলেছে।
তবে পুলিশ বলছে, রায়হানের নাম ভাঙিয়ে কিছু স্থানীয় ছিঁচকে সন্ত্রাসীও এলাকায় চাঁদাবাজি করার অপচেষ্টা চালাচ্ছে।




