চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের জেরো পয়েন্ট এলাকায় মো. আব্দুর রহমান (৫৩) নামে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই একটি লেগুনা সড়কের পাশের একটি ডোবায় পড়ে গেলে এ হতাহতের ঘটনাটি ঘটে।
নিহত লেগুনা চালক আব্দুর রহমান আনোয়ারা উপজেলার বৈরাগী ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, অর্থনৈতিক অঞ্চলের ম্যাকডোনাল্ড স্টীল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবা পানিতে পড়ে ডুবে যায়।
এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হয়। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক খোন্দকার ইসমাঈল হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেএন/পিআর




