রাউজানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর ও নিরপেক্ষ অবস্থানের কথা জানানো হয়।

- Advertisement -

সোমবার (১৫ ডিসেম্বর) রাউজানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং দেশের প্রতি সবার সম্মিলিত দায়বদ্ধতা। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখার সুযোগ নেই, এটি আগামী একশ বছরের বাংলাদেশের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

- Advertisement -
google news follower

জেলা প্রশাসক বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে তারা কী ধরনের বাংলাদেশ চায়। ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, মানুষ আর রক্তপাত নয়— শান্তিতে বসবাস করতে চায়। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে ব্যক্তি নয়, শক্তিশালী ও নিরপেক্ষ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করবে। ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো স্বার্থের কাছে যেন কেউ নিজের বিবেক ও দায়িত্ববোধ বিক্রি না করেন। প্রশাসন কঠোর হতে চায় না, তবে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করলে কঠোর হতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাউজানে ভোটগ্রহণের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি জানান, অস্ত্রধারী সন্ত্রাসী, বালু সন্ত্রাসী ও অন্যান্য দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।

- Advertisement -
islamibank

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এবং রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম।

যৌথ মহড়ার অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে রাউজান উপজেলা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত গাড়িবহরের মহড়া অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সভায় জানানো হয়, রাউজান উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯৫টি ভোটকেন্দ্রে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সমন্বিত উদ্যোগে রাউজানে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ