আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়ল

অনলাইন ডেস্ক

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

- Advertisement -

এর ফলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন।

- Advertisement -
google news follower

৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা শেষ হওয়ার কথা ছিল। পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে সেই সময় আরো এক মাস বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

- Advertisement -
islamibank

আয়কর আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন থাকে। কিন্তু এবার অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করায় দুই দফায় সময় বাড়ানো হলো।

এর আগে প্রথম দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং করদাতাদের সুবিধার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, প্রথমবারের মতো ই-রিটার্ন বাধ্যতামূলক করায় অনেক করদাতা এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। তাদের পর্যাপ্ত সময় দিতেই এই এক মাসের বাড়তি সুযোগ।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এর আগে জানিয়েছিলেন, অনলাইনে রিটার্ন জমা দেওয়া একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখেই সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হয়েছে।

চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা।

করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য দিয়ে বিদেশে বসেই ই-রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

বর্তমানে কোনো নথি বা দলিলাদি আপলোড ছাড়াই অনলাইনে রিটার্ন দেওয়া যাচ্ছে; ব্যাংকিং সেবার যে কোনো মাধ্যম বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র পাচ্ছেন করদাতারা।

ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার চালু করেছে।

এ সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। তাছাড়া সারাদেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকেও সহায়তা মিলছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে শনিবার পর্যন্ত ২৮ লাখ ৮৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ