পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী জনসভা শুরু

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আনুষ্ঠানিক নির্বাচনী জনসভা শুরু হয়েছে।

- Advertisement -

আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে বিএনপি-সমর্থিত ওলামা দলের চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

- Advertisement -
google news follower

এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে পুরো চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

জনসভা শুরুর আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ভোর থেকেই চট্টগ্রাম নগর ছাড়াও কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা পলোগ্রাউন্ড ময়দানে জড়ো হতে শুরু করেন।

- Advertisement -
islamibank

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে জনসভাস্থলে প্রবেশ করেন। এতে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই বিশাল জনসভায় প্রথমে বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম শহর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, চট্টগ্রাম সবসময়ই বিএনপির শক্ত ঘাঁটি।

পরে চট্টগ্রাম শহর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে চট্টগ্রামে বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করেছে।

মঞ্চে উপস্থিত আছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নেতাকর্মীরা অধীর আগ্রহে তাদের নেতার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে সমাবেশস্থলে।

মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে বিভক্ত করা হয়েছে-রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির সদস্য এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।

মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে এবং নারীদের জন্য থাকবে আলাদা ব্লক। পুরো পলোগ্রাউন্ড মাঠকে গ্রিন জোন হিসেবে রাখা হয়েছে।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পরে তিনি নগরের একটি পাঁচতারকা হোটেলে অবস্থান নেন। রবিবার সকাল ৯টায় তিনি সেখানে ‘দ্য প্ল্যান’ শিরোনামে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রামের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

বিএনপির সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামের জনসভা শেষে বিকাল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে জনসভা শেষে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ