এবার প্রতিবেশী দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের ওপর কোনো হামলা চালানো হয়, তবে সংশ্লিষ্ট দেশগুলোকে শত্রু হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট চরম উত্তেজনার মধ্যেই ইরান এই বার্তা দিল।
মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড কোরের নৌ শাখার রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদে এক বিবৃতিতে জানান, প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের বন্ধু হলেও যদি কেউ নিজের মাটি, আকাশ বা জলপথ ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে আরও একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন।
একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একটি দারুণ আর্মাডা (নৌবহর) এখন ইরানের দিকে অগ্রসর হচ্ছে।
তবে তিনি একই সঙ্গে আশা প্রকাশ করেছেন, তেহরান শেষ পর্যন্ত ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড




