বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ধূমপানবিরোধী সচেতনতা বাড়াতে র্যালি ও মতবিনিময় সভার আয়োজন করেছে ‘আমরা ধূমপান নিবারণ করি (আধুনিক)’।
আজ শুক্রবার (১ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হাসিনা বানু বলেন, “ধূমপান একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। এটি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, ধূমপানের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং একটি সুস্থ, ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন ধূমপানবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবে এবং বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করতে কার্যকর ভূমিকা রাখবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ধূমপান শুধু একজন ব্যক্তির স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়; এটি পরিবার, সমাজ এবং সামগ্রিক জনস্বাস্থ্য ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
তাই ধূমপান প্রতিরোধে সামাজিক আন্দোলন এবং সম্মিলিত সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।
বিশ্ব শ্রমিক দিবসের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি ধূমপানবিরোধী সামাজিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলেই আশা সংশ্লিষ্টদের।




