দরিদ্র ও মেধাবীদের পাশে এসজেডএইচএম ট্রাস্ট, তৃতীয় ধাপে বৃত্তি পেলেন ২৩৬ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক আওলাদে রাসুল (দ.) গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার প্রসার ও মেধাবীদের পাশে দাঁড়ানোর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এস জেড এইচ এম ট্রাস্ট।

- Advertisement -

ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রকল্প ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’-এর ২০২৫ পর্বের তৃতীয় ধাপের বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের ২৩৬ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ১২ লাখ ৩৮ হাজার টাকা।

- Advertisement -
google news follower

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অষ্টম তলার ‘জুলাই বিপ্লব স্মৃতি’ হলে আয়োজিত অনুষ্ঠানে বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তি গ্রহণ করেন।

বৃত্তি তহবিলের সদস্য আবু সালেহ সুমনের সঞ্চালনায় এবং ট্রাস্টের সচিব এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।

- Advertisement -
islamibank

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম, সমাজসেবক সৈয়দ শিহাব উদ্দিন আলম এবং শিশু-কিশোর সমাবেশ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান।

স্বাগত বক্তব্য দেন কর্ণফুলী আবদুল জলিল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসজেডএইচএম বৃত্তি তহবিলের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং ট্রাস্টের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, “এসজেডএইচএম ট্রাস্ট শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট একটি রুহানী ট্রাস্ট। এখান থেকে বৃত্তি পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। শিক্ষিত জাতি গঠন, মানবসেবা, সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে ট্রাস্টটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ যেসব শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন, তাঁদের অনেকেই প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছেন। এই সহায়তা তাঁদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।

ভবিষ্যতে তাঁরাই দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়ন এবং সুষম সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ জুনায়েদ। পরে হাফেজ আরমান হোসেন নাতে মোস্তফা (দ.) এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন।

এসজেডএইচএম ট্রাস্টের বৃত্তি কার্যক্রম ধাপে ধাপে বিস্তৃত হচ্ছে। প্রথম ধাপে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া ও কর্ণফুলী—এই আট উপজেলার পঞ্চম শ্রেণির সমমানের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া আট শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে পাঁচজনকে ট্যালেন্টপুল এবং প্রতিটি উপজেলায় সর্বোচ্চ তিনজন করে সাধারণ বৃত্তি দেওয়া হয়।

এরপর দ্বিতীয় ধাপে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীসহ মোট ৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৯ হাজার টাকা বিতরণ করা হয়।

তৃতীয় ধাপের এই আয়োজনের মাধ্যমে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ও সহায়তার পরিধি আরও বেড়েছে।

আয়োজকদের ভাষ্য, শিক্ষা বিস্তারের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ