দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে অসাধু শিকারিদের থাবা থেকে মুক্ত রাখতে মাঝরাতে এক অভূতপূর্ব ‘অল-আউট’ অ্যাকশন চালাল উপজেলা মৎস্য অধিদপ্তর।
দীর্ঘ ৬ ঘণ্টার টানা চিরুনি অভিযানে নদী থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মিটার অবৈধ ও ধ্বংসাত্মক জাল। ফলে ভেস্তে গেছে মা মাছ শিকারের অসাধু সব চক্রান্ত।
গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত ২টা পর্যন্ত হালদার অত্যন্ত সংবেদনশীল পয়েন্ট-খলিফারগোনা অংশ থেকে ছিপাতলী পর্যন্ত এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
নদীর বিভিন্ন গোপন পয়েন্টে অসাধু চক্রের পেতে রাখা মরণফাঁদগুলো একে একে তুলে আনেন অভিযানকারী দল।
জব্দ করা সরঞ্জামের তালিকায় রয়েছে, প্রায় ৬,৫০০ মিটার (সাড়ে ৬ হাজার মিটার) অবৈধ জাল। ৬টি ক্ষতিকর চরগেরা জাল, ১টি ভাসা জাল এবং ২টি বড়শি। যার আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।
অভিযানের বিষয়ে হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, হালদা নদী কার্প জাতীয় মাছের এক অনন্য প্রাকৃতিক আশ্রয়স্থল।
মা মাছ ও হালদার অমূল্য প্রজনন পরিবেশ রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।
অসাধু চক্রের ধ্বংসাত্মক জালের ব্যবহার ও মা মাছ শিকার বন্ধে আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মৎস্য বিভাগের এই ঝটিকা অভিযানে নদীর বাস্তুসংস্থান ও মৎস্য সম্পদের নিরাপত্তার বিষয়টি নতুন করে জোরদার হলো।
সংশ্লিষ্টরা জানান, নিয়মিত কঠোর নজরদারি ও সময়োপযোগী অভিযানের ফলে হালদা নদী কার্প জাতীয় মাছসহ সকল প্রজাতির মিঠা পানির মাছের জন্য শতভাগ নিরাপদ প্রজনন ক্ষেত্র হিসেবে টিকে থাকবে।




