চট্টগ্রাম মহানগর, জেলা ও ফেনীতে পৃথক ছয়টি অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চোরাচালান করা বিদেশি সিগারেট, সাড়ে ৮২ কেজি গাঁজা, ৯ হাজার ৮১০ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেনসিডিল, ৪৮ বোতল এস্কাফ সিরাপ, পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৭।
এসব অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) র্যাব-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী পৃথক অভিযানের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়ায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়।
এ সময় কাভার্ডভ্যানটি থেকে সাড়ে ১৪ কেজি গাঁজা, ৯৯ বোতল ফেনসিডিল ও ৪৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভোলার বাসিন্দা মো. সোহাগ (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করেছে র্যাব।
অন্যদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পটিয়ার মো. আজিজুল হক (৩৯) ও নূর হোসেন বোরহান (৪০)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৮১০ পিস ইয়াবা। ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
মাদকের চালান পরিবহনের আরেকটি কৌশলও ধরা পড়ে র্যাবের অভিযানে। ফেনীর খাইয়ারা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কক্সবাজারগামী এক নারী যাত্রীর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোছা. লায়লা বেগম (৪০) নামে ওই নারীকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের জোরারগঞ্জে পরিচালিত আরেক অভিযানে একটি ডেলিভারি ভ্যান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যানচালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা মাদক ও ডেলিভারি ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাদকের পাশাপাশি অস্ত্রের বিরুদ্ধেও অভিযান চালিয়েছে র্যাব।
চট্টগ্রামের বাঁশখালীর উত্তর চাম্বল এলাকায় একটি ব্রিজসংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি গোডাউনে অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের চোরাচালান করা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এ ঘটনায় বেলাল হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে র্যাব।
সব মিলিয়ে পৃথক ছয় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র-গুলি ও চোরাচালান করা বিদেশি সিগারেট উদ্ধারের পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




