চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদ ওরফে কানা মামুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।
স্থানীয়রা জানান, আবু তাহের পেশায় মুদি দোকানি। রোববার দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি।
ফেরার পথে পূর্ব কাটগড় রেলগেট এলাকায় অটোরিকশাটি রেললাইনে উঠে যায়।
ঠিক তখনই কক্সবাজার থেকে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন যাত্রী আবু তাহের।
দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশাচালক আব্দুস শুক্কুর। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




