চট্টগ্রাম নগরীতে চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
একই সঙ্গে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও পেশাদার ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেন সিএমপি কমিশনার।
সভায় পুলিশ সদস্যদের উদ্দেশে হাসান মো. শওকত আলী বলেন, প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে।
বিশেষ করে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসব অপরাধ প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার।
মাসিক কল্যাণ সভায় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাওয়া তিন পুলিশ সদস্যকে বিদায় জানানো হয়।
এ সময় এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মো. ফরিদ উদ্দিন ও কনস্টেবল মো. কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি শুভেচ্ছা জানান তিনি।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




